জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল

Date: 2026-04-22
news-banner

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য শান্তি আলোচনায় নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার বৈঠকের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফর বাতিল করা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে এই মাসে দ্বিতীয়বারের মতো ইসলামাবাদ সফরের কথা ছিল ভ্যান্সের। বুধবার সেখানে পৌঁছে ইরানি কর্মকর্তাদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার আশা করা হচ্ছিল।

হোয়াইট হাউস জানিয়েছে, সফর বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতে বৈঠক সংক্রান্ত যেকোনো আপডেট তারা আনুষ্ঠানিকভাবে জানাবে।

যুক্তরাষ্ট্র প্রশাসনের এক কর্মকর্তা সিবিএসকে বলেন, সরাসরি বৈঠক নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হলে তা হোয়াইট হাউস থেকেই জানানো হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পরপরই এই সফর বাতিল করা হয়।

এদিকে বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার জন্য নির্ধারিত সফরটি শেষ পর্যন্ত আর হচ্ছে না।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্প সামাজিকমাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের পক্ষ থেকে একটি প্রস্তাবের অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে।

এর আগে পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়, যাতে ইরান একটি সমন্বিত প্রস্তাব প্রস্তুতের সুযোগ পায়।

উল্লেখ্য, ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদে গিয়ে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার মুখোমুখি আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল। তবে হোয়াইট হাউসে অতিরিক্ত নীতিগত বৈঠকের কারণে সফরটি স্থগিত করা হয়।

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

Leave Your Comments