নাটকীয় জয়ে দুই মৌসুম পর ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার মিলান

Date: 2026-04-22
news-banner

নাটকীয় এক ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিলান।

মঙ্গলবার রাতে সান সিরোয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে কোমোকে ৩–২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইতালির এই জায়ান্ট ক্লাব। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় এই ম্যাচই ছিল ভাগ্য নির্ধারণের লড়াই।

ম্যাচের শুরুতে কিছুটা চাপে ছিল ইন্টার। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি তারা। উল্টো ৩২ মিনিটে বাতুরিনার গোলে এগিয়ে যায় কোমো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮তম মিনিটে আরেকটি গোল করে ব্যবধান ২–০ করে ফেলে সফরকারীরা। এতে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে যায় ইন্টার।

তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৬৯তম মিনিটে হাকান কালহানোগ্লুর গোলে ব্যবধান কমায় ইন্টার। এরপর ৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সমতায় ফেরান এই তুর্কি মিডফিল্ডার।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর পথে, ঠিক তখনই নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে সুচিচের গোলে ৩–২ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিলান।

শেষ পর্যন্ত সেই গোলেই নিশ্চিত হয় তাদের ফাইনালের টিকিট।

দুই লেগ মিলিয়ে এই জয়ে দুই মৌসুম পর আবারও ইতালিয়ান কাপের ফাইনালে উঠল ইন্টার। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ল্যাজিও বা আটালান্টা।

দুই গোলে পিছিয়ে থেকেও ফিরে আসা এই জয় ইন্টারের সাম্প্রতিক সময়ের অন্যতম স্মরণীয় ম্যাচ হয়ে থাকল।

Leave Your Comments