এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল

Date: 2026-04-22
news-banner

টানা চার ম্যাচ জয়ের দেখা না পাওয়ার পর অবশেষে জয় ফিরে পেল রিয়াল মাদ্রিদ। লা লিগায় আলাভেসকে ২–১ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে আবারও নিজেদের অবস্থান মজবুত করেছে দলটি।

মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে অনুষ্ঠিত ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে জয় নিশ্চিত করে রিয়াল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধানও কিছুটা কমিয়েছে তারা।

ম্যাচের শুরুতে সমর্থকদের দুয়োধ্বনির মুখে পড়লেও সময়ের সঙ্গে ঘুরে দাঁড়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস। প্রথমার্ধে বক্সের বাইরে থেকে নেয়া এমবাপ্পের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। ফেদেরিকো ভালভের্দের পাস থেকে প্রায় ২৫ গজ দূর থেকে নেয়া জোরালো শটে গোল করেন তিনি।

এরপর একাধিক সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। অন্যদিকে ম্যাচের শেষ দিকে চাপ বাড়ায় আলাভেস।

যোগ করা সময়ের শেষ মুহূর্তে তনি মার্তিনেসের গোলে ব্যবধান কমায় আলাভেস। তবে শেষ পর্যন্ত ২–১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। অন্যদিকে আলাভেস ৩৩ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে।

দীর্ঘ সময় পর পাওয়া এই জয় রিয়ালের জন্য শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস এনে দিয়েছে।

Leave Your Comments