পাবনায় হাসপাতালের ম্যানহোল থেকে কঙ্কালের অংশ বিশেষ উদ্ধার

Date: 2026-04-22
news-banner

নিজস্ব প্রতিবেদক:
পাবনার আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের একটি ম্যানহোল থেকে দীর্ঘদিনের পুরোনো মানবদেহের কঙ্কালের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের পেছনের একটি ম্যানহোলের ভেতর থেকে এসব কঙ্কালের অংশ উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা জানান, হাসপাতালে অবস্থানরত লোকজন বিষয়টি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালের অংশগুলো উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া অংশগুলোর মধ্যে মাথার খুলি, বুকের খাঁচার অংশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি দীর্ঘদিন আগে পচে কঙ্কালে পরিণত হয়েছে।

তবে এটি পুরুষ না মহিলা, বয়স কত কিংবা কতদিন আগে মৃত্যু হয়েছে—এ বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধারকৃত কঙ্কালের অংশ ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় সিআইডির কাছে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave Your Comments