লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তিনি লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এবং দেশটির জনগণের প্রতি সমর্থন জানান।
ম্যাক্রোঁ বলেন, মানবিক সংকট মোকাবিলা এবং বাস্তুচ্যুত মানুষের সহায়তায় ফ্রান্স লেবাননের পাশে রয়েছে।
প্যারিসের এলিসি প্রাসাদে লেবাননের প্রধানমন্ত্রীর সফরের পর দেয়া ওই বার্তায় তিনি বলেন, লেবানন ও বৃহত্তর অঞ্চলের স্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করতে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, এই সমঝোতা দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করবে এবং লেবাননের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখবে।
ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন, হিজবুল্লাহকে ইসরায়েলের ওপর হামলা বন্ধ করতে হবে এবং রাষ্ট্রের বিকল্প শক্তি হিসেবে নিজেদের ভূমিকা দাবি থেকে সরে আসতে হবে।
একই সঙ্গে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, আন্তর্জাতিক সহযোগিতায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং দেশের পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলছে। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।