নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের শামীম, যিনি বারা শামীম নামে পরিচিত।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জোহানেসবার্গের বারাকওয়ানে এলাকায় এ ঘটনা ঘটে।
প্রবাসী সূত্রে জানা যায়, বিকেলে ফোর্ডসবার্গ থেকে বাজার করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফেরেন শামীম। এ সময় আগে থেকে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও জানা যায়, একদল ডাকাত তার দোকানের কন্টেইনার কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল লুটের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
নিহত শামীমের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়।
কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান ও সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার ঘটনাটি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। তারা জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় আইনি সহায়তায় সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
এই ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।