হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস।
মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস জানায়, পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল সহজ ও নিরাপদ করতে ইরান কাজ করে যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্ন রাখতে ইরান গুরুত্ব দিচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট মানবিক ক্ষয়ক্ষতিতে, বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছে দেশটি।
ইরান ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দূতাবাস জানায়, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের ভিত্তিতে এই সম্পর্ক আরও জোরদার হবে।
সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ফোরামের সাইডলাইনে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়া আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়েও সহযোগিতার কথা তুলে ধরা হয়।
একই সঙ্গে গণমাধ্যমে ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে ইরান দূতাবাস।