চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: একতরফা দোষারোপ না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Date: 2026-04-22
news-banner

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে একজনের পা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় সংসদে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

“সিটি কলেজে সন্ত্রাসী আক্রমণ হয়েছে। একজনের পা কেটে ফেলা হয়েছে।”

তিনি অভিযোগ করেন, পূর্বে নিউমার্কেট এলাকায় হামলায় জড়িত ব্যক্তিরাই এই ঘটনায় জড়িত এবং সিটি কলেজের বাইরে থেকে আসা অস্ত্রধারীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।

এদিকে, গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই দফায় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্ত ছাড়া কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করা ঠিক নয়।

“একতরফাভাবে কাউকে ব্লেম দেওয়া উচিত নয়। প্রকৃত ঘটনা জানতে সময় লাগবে।”

তিনি জানান, বিষয়টি নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে এবং বিস্তারিত তদন্ত শেষে সংসদে বিবৃতি দেওয়া হবে।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবিও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave Your Comments