দেশে ট্যাক্স হলিডে বা কর রেয়াত নির্ভর সংস্কৃতি থেকে ধীরে ধীরে বের হয়ে আসতে চায় জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর। সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, কর কম হোক বা বেশি—সবাইকে কর দিতে হবে।
মঙ্গলবার বিকেলে এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন চেয়ারম্যান। বৈঠকে বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।
“আমরা আর এই ট্যাক্স হলিডে কালচার কন্ট্রোল করতে পারছি না। এর সাইড এফেক্ট অনেক বেশি। ট্যাক্স কম হোক বেশি হোক—সবাইকে দিতে হবে।”
তিনি বলেন, নির্দিষ্ট খাতে কর ছাড় দিলে অনেক ব্যবসায়ী তাদের বিনিয়োগ সেই খাতে সরিয়ে নেন, যা পুরো অর্থনীতিতে ভারসাম্যহীনতা তৈরি করে।
সভায় ব্যবসায়ীরা অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে নানা জটিলতার কথাও তুলে ধরেন। তাদের অভিযোগ, পুরনো ম্যানুয়াল রিটার্ন আপডেট না থাকায় অনলাইনে রিটার্ন জমা দিতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।
“অনলাইনে রিটার্ন দিতে গেলে অনেক সমস্যা হচ্ছে। পুরনো তথ্য সিস্টেমে না থাকায় জটিলতা তৈরি হচ্ছে।”
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানান, করদাতাদের জন্য প্রক্রিয়াটি সহজ, স্বচ্ছ ও দ্রুত করতে অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে।
তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন, ঝুলে থাকা রিটার্ন দ্রুত নিষ্পত্তি করতে এবং কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নিতে।
একই সঙ্গে ব্যবসায়ীদের খোলামেলা ভাবে সমস্যা তুলে ধরার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান, জানিয়ে দিয়েছেন—সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।