কালিগঞ্জে বন্ধকী স্বর্ণ আত্মসাতের অভিযোগে সুদেল মহাজনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

Date: 2026-04-20
news-banner

মোঃ মহাসিন, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে বন্ধক রাখা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগে আব্দুল জব্বার নামে এক সুদেল মহাজনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের বাসিন্দা শেখ আকমল হোসেন তার অভাবের তাড়নায় একই এলাকার রহিমপুর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র আব্দুল জব্বারের কাছ থেকে ১০ হাজার টাকা সুদে গ্রহণ করেন। এ সময় ১০ আনা ৩ রতি ওজনের একটি স্বর্ণের চেইন বন্ধক রাখা হয়। শর্ত অনুযায়ী প্রতি মাসে ৬০০ টাকা হারে লাভ দিয়ে ৩ মাসের মধ্যে টাকা পরিশোধের কথা ছিল।

ভুক্তভোগীর অভিযোগ, নির্ধারিত সময় শেষে সুদসহ মোট ১৮ হাজার টাকা ফেরত দিতে গেলে আব্দুল জব্বার তা গ্রহণ না করে উল্টো স্বর্ণের চেইন ফেরত দিতে অস্বীকার করেন। এ সময় তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।

এ ঘটনায় শেখ আকমল হোসেনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট জামাল উদ্দিন গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে একটি লিগ্যাল নোটিশ প্রদান করেন। নোটিশে ১৫ দিনের মধ্যে বন্ধক রাখা স্বর্ণ ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল জব্বারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

ভুক্তভোগী শেখ আকমল হোসেন জানান, অভিযুক্ত ব্যক্তি তার ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় কোনো লিখিত চুক্তি ছাড়াই তিনি সরল বিশ্বাসে টাকা গ্রহণ করেছিলেন। কিন্তু নির্ধারিত সময় শেষে টাকা পরিশোধ করতে গেলে নানা অজুহাতে তাকে হয়রানি করা হয় এবং স্বর্ণের চেইন ফেরত দিতে অস্বীকার করা হয়।

তিনি আরও জানান, উপায়ান্তর না পেয়ে ন্যায়বিচারের আশায় বন্ধুর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

Leave Your Comments