আব্দুল্লাহ আল মামুন: শনিবার (৫ নভেম্বর) কেরানীগঞ্জ থানা এলাকা থেকে হাজী মো. আব্দুল ওয়াহিদ বাবু (৫৫) নামে ১৩ টি মামলার পলাতক এক আসামীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। ১৩ মামলার মধ্যে ৫ টি মামলায় মোট ১৬ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত এবং বাকি ৮ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হয়ে আব্দুল ওয়াহিদ পলাতক ছিলেন বলে সূত্রে জানা যায়।
র্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনের বরাত দিয়ে বার্তা বিচিত্রাকে জানানো হয় যে, র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোয়ালখালী আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত পলাকত এই আসামী হাজী মো. আব্দুল ওয়াহিদ বাবুকে গ্রেফতার করে র্যাবের উক্ত আভিযানিক দল। এ সময় তার নিকট হতে ১ টি মোবাইল ফোনসেট ও নগদ ৬ হাজার ৫ শত ৫০ টাকা জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আব্দুল ওয়াহিদ একজন ঠকবাজ ও প্রতারক প্রকৃতির লোক। সে তার এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে বড় অংকের টাকা হতিয়ে নেয়ার কারনে এলাকায় ‘বিশ্ব প্রতারক’ হিসেবে পরিচিত। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সূত্রে উল্লেখ করা হয়।