ডোপিংয়ের ‘চরম ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে ভারত

Date: 2026-04-21
news-banner

অ্যাথলেটিকসে ডোপিং বা নিষিদ্ধ ওষুধ গ্রহণের ঝুঁকিতে ‘চরম ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় উঠে এসেছে ভারত। আন্তর্জাতিক সংস্থা অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট (এআইইউ) দেশটিকে ক্যাটাগরি ‘বি’ থেকে উন্নীত করে ক্যাটাগরি ‘এ’-তে অন্তর্ভুক্ত করেছে।

সোমবার (২০ এপ্রিল) এআইইউ জানায়, এই তালিকায় থাকা দেশগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ফলে এখন থেকে ভারতীয় অ্যাথলেটদের আরও কঠোর ডোপবিরোধী পরীক্ষা ও নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে।

এ সিদ্ধান্তের ফলে ভারত এখন রাশিয়া, বেলারুশ, ইথিওপিয়া, কেনিয়া, নাইজেরিয়া এবং ইউক্রেন-এর মতো দেশগুলোর সঙ্গে একই সারিতে চলে এলো।

এআইইউ জানায়, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে অ্যাথলেটিকসে ডোপিং আইন লঙ্ঘনের ঘটনায় ভারত শীর্ষ দুই দেশের মধ্যে ছিল। সংস্থাটির চেয়ারম্যান ডেভিড হাউম্যান বলেন, “ভারতে ডোপিং পরিস্থিতি দীর্ঘদিন ধরেই উচ্চ ঝুঁকিপূর্ণ। কিন্তু অভ্যন্তরীণ ডোপবিরোধী কার্যক্রম সেই ঝুঁকির তুলনায় যথেষ্ট শক্তিশালী নয়।”

তিনি আরও জানান, ভারতের অ্যাথলেটিকস ফেডারেশন অব ইন্ডিয়া (এএফআই) সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দৃশ্যমান অগ্রগতি খুব কম।

এআইইউ একটি স্বাধীন সংস্থা, যা বিশ্বজুড়ে অ্যাথলেটিকসে ডোপিং ও দুর্নীতি প্রতিরোধে কাজ করে। এখন থেকে ক্যাটাগরি ‘এ’-এর আওতায় ভারতের অ্যাথলেটিকস খাতেও সরাসরি নজরদারি ও সহযোগিতা বাড়াবে সংস্থাটি।

https://x.com/RevSportzGlobal/status/2046242900091232366?s=20

এদিকে, ভারতীয় ক্রীড়াঙ্গনে ডোপিং বিতর্ক আরও জোরালো হয়েছে। এশিয়ান গেমসে স্বর্ণজয়ী তিরন্দাজ প্রথমেশ জাওকার-কে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। নিজের অবস্থান সংক্রান্ত তথ্য দিতে ব্যর্থ হওয়ায় তিনি এই শাস্তি মেনে নিয়েছেন। ফলে আগামী জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে তিনি অংশ নিতে পারবেন না।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি ভারতের ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

Leave Your Comments