সোনারগাঁয়ে ১৩টি কচ্ছপ উদ্ধার

Date: 2026-04-19
news-banner

নিজস্ব প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে পাচারের সময় বিভিন্ন প্রজাতির ১৩টি কচ্ছপ উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত সাবের মারমা নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলার মহলছড়ি উপজেলার হলাপ্রুচাই মারমার ছেলে সাবের মারমা উদ্ধারকৃত কচ্ছপগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে বন্যপ্রাণী বহনের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলো বৈদ্যেরবাজার এলাকায় অবমুক্ত করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে আনা ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং কচ্ছপগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

Leave Your Comments